নতুন অধ্যায় • মেসিকে ছাড়াই আর্জেন্টিনার দল ঘোষণা, নতুন যুগের পথে স্ক্যালোনি
৪ নভেম্বর ২০২৬, ৩:২৮ অপরাহ্ণ
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা "মহব্বত" নিয়ে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। সিনেমাটিতে শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। শুরুতে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি ও ইয়ামনা জায়েদীর নাম সামনে এলেও এবার নতুন করে আলোচনায় এসেছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি।
সিনেমাসংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা গেছে, "মহব্বত" এ শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যেতে পারে কিনজাকে। এমনকি তার সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতাও শেষ হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনানের পক্ষ থেকে এখনো বিষয়টি নিশ্চিত করা হয়নি। ফলে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দুই দেশের সিনেমাপ্রেমীরা।
পাকিস্তানের টেলিভিশন ও মডেলিং জগতে পরিচিত নাম কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয় জগতে পা রাখেন তিনি। টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। বিশেষ করে "ইশক তামাশা" নাটকে রুশনা চরিত্রে অভিনয়ের পর তার পরিচিতি আরও বাড়ে। পরবর্তী সময়ে "গুল-ও-গুলজার","মোহলত","দিল আওয়াইজ", "হুক" ও "মেরে বান জাও" এর মতো নাটকে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি আলোচিত টেলিছবি "রূপোশ" এও দেখা গেছে তাকে।
ছোট পর্দার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন কিনজা। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে "কট্টর করাচি" ও "শিরোস"। এবার শাকিব খানের সঙ্গে জুটি বাঁধার খবর সত্যি হলে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পাকিস্তানি এই অভিনেত্রীর।
"মহব্বত" এর নায়িকা নির্বাচন নিয়ে শুরু থেকেই বেশ সতর্ক অবস্থানে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। সিনেমার প্রকাশিত প্রথম পোস্টারেও রাখা হয়েছে রহস্য। সেখানে শাকিবের পাশে লাল ওড়না এবং সাদা সালোয়ার-কামিজ পরা এক নারীর উপস্থিতি থাকলেও তার মুখ দেখানো হয়নি। নির্মাতারা জমকালো আয়োজনের মধ্য দিয়ে নায়িকার পরিচয় প্রকাশ করতে পারেন বলেও জানা যাচ্ছে।
এর আগে শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন ভারত ও যুক্তরাষ্ট্রের একাধিক অভিনেত্রী। তাদের মধ্যে রয়েছেন শ্রাবন্তী, শুভশ্রী, পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি, সায়ন্তিকা, ইধিকা পাল, মিমি চক্রবর্তী, দর্শনা বণিক ও কোর্টনি কফি। বিশেষ করে "প্রিয়তমা" সিনেমার মাধ্যমে ইধিকা পাল বাংলাদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি পান। অন্যদিকে "রাজকুমার" সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছিলেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
উল্লেখ্য, পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের সঙ্গে শাকিবের আগের দুই সিনেমাতেই বিদেশি অভিনেত্রীকে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় "মহব্বত" এ পাকিস্তানি অভিনেত্রীকে যুক্ত করার সম্ভাবনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
প্রযোজনা প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু হতে পারে সিনেমাটির শুটিং। পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হলে আগামী বছরের ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে "মহব্বত" এর। তবে শাকিবের বিপরীতে শেষ পর্যন্ত কিনজাই থাকছেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।